ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল গত ০৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং কোষাধ্যক্ষ।
উপাচার্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। তিনি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারে গৃহীত পদক্ষেপসমূহ, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালিত যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম-সহ সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।
উপাচার্য ২০২৭ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে চ্যান্সেলর হিসেবে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে যোগদানে সম্মতি জ্ঞাপন করেন। রাষ্ট্রপতি সমাবর্তনে সভাপতিত্ব করবেন বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গেস্ট অব অনার হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকার ব্যাপারে ইতোমধ্যেই সম্মতি জ্ঞাপন করেছেন।
২। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা চালু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আরও কার্যকর ও আধুনিক চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে আলোচনা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণ করার উপর তাঁরা গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবার মান ও সক্ষমতা বৃদ্ধি এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসদের সহায়তা প্রদানের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।
৩। বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে ৭ অক্টোবর ২০২৬, বুধবার এ তালিকা প্রকাশ করেছে। একইসঙ্গে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর তালিকায়ও ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের শীর্ষস্থান অর্জন করেছে।
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচক বিবেচনায় নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার মান ও প্রভাবের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে এ তালিকা বিবেচিত হয়।
উপাচার্য এই অর্জনের জন্য সংশ্লিষ্ট শিক্ষক-গবেষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
৪। ক) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী আনদালীব হাসান ‘আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড -২০২৬’ লাভ করেছেন। ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইনস্টিটিউটের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন বক্তব্য রাখেন।
খ) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স ইনস্টিটিউটের উদ্যোগে “ What do we do after we have machine-learned everything? ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৫। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে আইইইই-এর তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন (COMPAS 2026) আগামীকাল ৯ অক্টোবর সকাল ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শুরু হচ্ছে। দু’দিনব্যাপী এই সম্মেলনে গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ইন্ডাস্ট্রি প্রফেশনালস কম্পিউটিংয়ের সাম্প্রতিক অগ্রগতি এবং এর বাস্তব প্রয়োগ নিয়ে মতবিনিময় করবেন।
৬। লোক প্রশাসন বিভাগের উদ্যোগে “পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারন্যাশনাল কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগীয় চেয়ারপার্সনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা সম্মানিত অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৭। ইনোভেশন ক্রিয়েটিভিটি এন্ড এন্টারপ্রিনিউরশীপ সেন্টারের উদ্যোগে “AI and Innovation-Driven Entrepreneurship ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কোষাধ্যক্ষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। “ Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship Project”- শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান আয়োজন করা হয়। উপ প্রকল্প পরিচালকের সভাপতিত্বে সেমিনারে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মি. কিহুন সিওং এবং প্রকল্প পরিচালক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৮। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের ৮জন শিক্ষার্থীকে আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২ জন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার এবং ৬ জন আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা বৃত্তি লাভ করেন। উপাচার্য এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে গবেষণা পুরস্কার ও বৃত্তির চেক তুলে দেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই অনুষ্ঠান আয়োজন করে।
৯। আন্তর্জাতিক সমপর্ক বিভাগ এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ যৌথভাবে রোহিঙ্গা বিষয়ক বিশেষ লেকচারের আয়োজন করে। এ অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকার পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত জাতিসংঘের একটি সংস্থা Independent Investigative Mechanism for Myanmar (IIMM) এর প্রধান নিকোলাস কুমজিয়ান প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। আন্তর্জাতিক স¤পর্ক বিভাগের চেয়ারম্যান ও সেন্টারের পরিচালক এতে সভাপতিত্ব করেন। বিভিন্ন বিভাগের শিক্ষক, কূটনীতিক, গবেষক, শিক্ষার্থী ও আন্তর্জাতিক পর্যবেক্ষকগণ এই লেকচারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি আলোচনা পরবর্তী প্রশ্ন উত্তর এবং মতামত বিনিময়ের মাধ্যমে সমাপ্ত হয়।
১০। আগামী ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় মোট ৪০জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। এ ঘটনায় অনেকে আহত হন। নিহত ছাত্র, কর্মচারী ও অতিথিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। এউপলক্ষ্যে আগামী ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
শোক দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সকল হল এবং হোস্টেলে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ; সকাল সাড়ে ৭:৩০টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি সহকারে জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুস্পস্তবক অর্পণ এবং নীরবতা পালন; সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে আলোচনা সভা; ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা এবং বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সকল হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত। এছাড়া, হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহতদের তৈলচিত্র ও তথ্যসম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শন করা হবে।
১১। সিনেট ভবনে ‘গ্লোবাল সাউথ-জাপান টেক ট্যালেন্ট ইন্টার্নশিপ’ বিষয়ক অন-ক্যাম্পাস ক্যারিয়ার ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানের আটটি কোম্পানির সঙ্গে সংযুক্ত করা হয়, যাতে তারা প্রযুক্তি-বিষয়ক ইন্টার্নশিপ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগগুলো সম্পর্কে জানতে পারে।
GS-JTI সচিবালয়, ডেলয়েট তোহমাতসু ভেঞ্চার সাপোর্ট ও কোয়েই রিসার্চ অ্যান্ড কনসাল্টিং-এর সহায়তায় জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এই কর্মসূচি আয়োজন করে। এর লক্ষ্য হলো ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল অঞ্চলের উদীয়মান প্রযুক্তি-প্রতিভাদের সঙ্গে জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপন করা, যারা প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ জনবল এবং নতুন দৃষ্টিভঙ্গির সন্ধানে রয়েছে।
ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। GS-JTI সচিবালয়ের মি. তাতসুয়া ইয়ামাদা কর্মসূচির সার্বিক পরিচিতি এবং জাপানে কাজ করার আকর্ষণীয় দিকগুলো তুলে ধরেন।
১২। ক্রিমিনোলজি বিভাগ এবং ঢাকা ইউনিভার্সিটি ক্রিমিনোলজি রিসার্চ ফোরামের যৌথ উদ্যোগে মাঠ পর্যায়ের গবেষণা ‘অনিশ্চিত প্রত্যাবর্তন: প্রত্যাবাসন প্রতিবন্ধকতা বিষয়ে রোহিঙ্গাদের কণ্ঠস্বর’-এর ফলাফল উপস্থাপনের জন্য একটি জাতীয় নীতি প্রচার কর্মসূচি আয়োজন করা হয়। এতে “দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতিতে অপরাধের ঝুঁকি: রোহিঙ্গাদের মধ্যে অপরাধমূলক সম্পৃক্ততা ও নিপীড়নের কাঠামোগত চালিকাশক্তি” শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৩। প্রধান প্রকৌশলীর অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১৪। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি পলিসি ল্যাব’ এবং HEAT ১৩০৩২-এর যৌথ উদ্যোগে “ডিজিটাল সিকিউরিটি ইন দ্য এজ অফ এআই” (কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল নিরাপত্তা) শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজন করা হয়।এই প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ডিজিটাল পরিচিতি, গোপনীয়তা, ডিজিটাল ফুটপ্রিন্ট, অপপ্রচার, নতুন ধরনের ঝুঁকি বা হুমকি, সুরক্ষা এবং সক্ষমতা বা সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। কর্মসূচিটিতে ডিজিটাল নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয়গুলোর মধ্যে ছিল—পরিচিতি, গোপনীয়তা ও ডিজিটাল ফুটপ্রিন্ট; নন-স্টেম বা বিজ্ঞান-প্রযুক্তি বহির্ভূত বিভাগের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব; বৈশ্বিক প্রেক্ষাপটে ডিজিটাল নিরাপত্তার আর্থ-সামাজিক ও রাজনৈতিক দিক; কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অপপ্রচার, ধর্ম ও ডিজিটাল নিরাপত্তা; ডিজিটাল নিরাপত্তা বিষয়ক জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ; এবং ডিজিটাল যুগে তরুণদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধি। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্যরা সেশন পরিচালনা করেন।
১৫। উপাচার্য প্রধান অতিথি হিসেবে বিজনেস স্টাডিজ অনুষদের সংস্কারকৃত বিভিন্ন কাজের উদ্বোধন করেন। বিজনেস স্টাডিজ অনুষদের ডিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি এবং কোষাধ্যক্ষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৬। স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন ‘‘চিন্তার চাষ’’ এর উদ্যোগে ১১তম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। চিন্তার চাষ- এর চেয়ারম্যান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
১৭। অমর একুশে হল প্রশাসনের সহযোগিতায় হলের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের উদ্যোগে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রাধ্যক্ষের উপস্থিতিতে এই প্রশিক্ষণ কর্মশালায় হলের আবাসিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
১৮। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল অফিসের ছাদসমূহ, ডাইনিং-এর ছাদ, হলের ভিতরের ড্রেনসমূহ এবং বাগান বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। খ) হলের বিভিন্ন ব্লকের বেসিন পরিবর্তন করা হয়েছে। এছাড়াও হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
১৯। রোকেয়া হলে দুইদিনব্যাপী হল সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থী, প্রতিযোগী এবং বিচারকমন্ডলীর উপস্থিতিতে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
২০। শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে নেসলে বাংলাদেশের পক্ষ থেকে ডুডুলস্ নুডুলস শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
২১। শামসুন নাহার হল বাঁধন ইউনিট কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের “নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা” আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি এবং হল প্রাধ্যক্ষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২২। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ০৩ অক্টোবর ২০২৬ শনিবার দিবাগত রাত ১২:৩০টায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ মেয়ে-সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক-এর পরলোকগমনে উপাচার্য গভীর শোক প্রকাশ করেছেন।
২৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে “অধিকতর উন্নয়ন প্রকল্প” এর আওতায় কলা ভবনের পশ্চিম দিকের শ্যাডো হতে কলা ভবনের মেইন গেইট ও প্রক্টর অফিস পর্যন্ত রাস্তার সংস্কার কাজ ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে। আরসিসি ঢালাই কাজসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা এবং কিউরিং করার প্রয়োজনে আগামী ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উল্লিখিত রোড বন্ধ থাকবে।
২৪। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘‘ Outcome-Based Education (OBE): Curriculum Development, Implementation and Accreditation’ শীর্ষক এক সেমিনার আজ ০৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়।
২৫। বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এবং কাজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন অত্যাধুনিক মেশিন উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান কারখানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেন কোষাধ্যক্ষ । বিজ্ঞান অনুষদের ডিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়