ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে। এছাড়া, সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্টফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের আলোকে সিন্ডিকেটের এক সভায় এব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন।
৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে যথাযথ কার্যক্রম প্রণয়নের জন্য এক সভা ১১ অক্টোবর সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
প্রসঙ্গত, ২০ নভেম্বর ২০২২ তারিখ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তগণ ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণকারীদের আবেদন কার্যক্রম আগামী ০১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হবে এবং ৩০ নভেম্বর ২০২৬ তারিখে শেষ হবে।
২। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্র্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের কাছে এসব তথ্য-উপাত্ত হস্তান্তর করেন।
৩। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক স্থাপন এবং প্রকাশনা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর নিয়মিতভাবে ‘গবেষণা-উদ্ভাবন মেলা’ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদারের মাধ্যমে মানসম্মত স্ট্যার্টআপ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গবেষণা-উদ্ভাবন মেলায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন, বুকলেট ও পোস্টার প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময়, আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।
এউপলক্ষ্যে এক প্রস্তুতি সভা ১৩ অক্টোবর উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সভায় সভাপতিত্ব করেন।
৪। শিক্ষার্থী এবং শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইজারল্যান্ডের জেনেভা-ভিত্তিক বেসরকারি সংস্থা ‘ইউপিআর ইনফো’র মধ্যে উপাচার্যের সভাকক্ষে ভার্চুয়ালি একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, ‘ইউপিআর ইনফো’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্লেষণ, জনসমক্ষে বক্তব্য প্রদান, আলোচনা এবং গঠনমূলক সংলাপের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা প্রদান করবে। তারা নির্বাচিত শিক্ষার্থীদের জন্য এক বা একাধিক প্রস্তুতিমূলক প্রশিক্ষণ সেশনের আয়োজন করবে, যার মধ্যে শিক্ষার্থী, আয়োজক বা ফ্যাসিলিটেটরদের জন্য ‘ট্রেনিং-অফ-ট্রেইনার্স’ কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকবে। শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজ এবং জাতীয় মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ অন্যান্য অংশীজনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মডেল ইউপিআর’-এর প্রস্তুতি, আয়োজন, বাস্তবায়ন ও মূল্যায়নের ক্ষেত্রে প্রতিষ্ঠান দুটির মধ্যে সহযোগিতার কাঠামো নির্ধারণ করাই এই চুক্তির মূল উদ্দেশ্য।
৫। পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মধ্যে পারস্পরিক সম্পৃক্ততা ও সংযোগ জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা ডক্ল্যাবের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ঢাকা ডক্ল্যাবের পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
৬। সামুদ্রিক বিজ্ঞান বিষয়ক গবেষণা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার উলংগং বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সভাপতিত্ব করেন।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার উলংগং বিশ্ববিদ্যালয়ের মধ্যে পরিবেশ, সমুদ্র বিষয়ক আইন, সামুদ্রিক নিরাপত্তা, সক্ষমতা বৃদ্ধি, মৎস্য ব্যবস্থাপনা এবং ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতি বিষয়ে যৌথ একাডেমিক ও গবেষণা কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে নিয়ে ব্লু-ইকোনমি বিষয়ক যৌথ গবেষণা কার্যক্রম গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণাপত্র প্রকাশের বিষয়েও আলোচনা করা হয়।
৭। ডেঙ্গুর বাহক এডিস মশা শনাক্তের লক্ষ্যে একটি স্বয়ংক্রিয় ও ইন্টারনেট-সংযুক্ত মশার ফাঁদ তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। MAST-CloudNet নামের ফাঁদটি শব্দ দিয়ে মশা টেনে আনে এবং ক্যামেরায় তার ছবি তোলে। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দ্রুত জানিয়ে দেয়, ধরা পড়া মশাটি এডিস কি না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মাইক্রোসিস্টেমস অ্যান্ড ন্যানোইঞ্জিনিয়ারিং ল্যাব এবং প্রাণিবিদ্যা বিভাগের মুঈদ রিসার্চ গ্রুপ (জিনোম গাইডেড ভেক্টর কন্ট্রোল অ্যান্ড ইনোভেশন ল্যাব) যৌথভাবে যন্ত্রটি তৈরি করেছে। গবেষণাটি গত ৮ অক্টোবর আন্তর্জাতিক সাময়িকী আইইইই ট্রানজ্যাকশনস অন ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড মেজারমেন্টে প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলের অর্থায়নে গবেষণাটি পরিচালিত হয়েছে।
৮। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর নেতৃত্বে ৬-সদস্যের একটি প্রতিনিধিদল জাপানে অনুষ্ঠিত ‘রাসায়নিক ঝুঁকি ব্যবস্থাপনায় ওয়ান হেলথ পদ্ধতি’ বিষয়ক জেএসপিএস কোর-টু-কোর সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছে। সিম্পোজিয়ামটি ৬ থেকে ৮ অক্টোবর এহিমে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এহিমে বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর মেরিন এনভায়রনমেন্টাল স্টাডিজ এই সিম্পোজিয়াম আয়োজন করে। সিম্পোজিয়ামের সহ-আয়োজক ছিলো- ‘লিডিং একাডেমিয়া ইন মেরিন অ্যান্ড এনভায়রনমেন্ট পলিউশন রিসার্চ’। জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অফ সায়েন্স-এর সহায়তায় এটি আয়োজন করা হয়। সিএমইএস এর উপ-পরিচালক ও ‘অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সোশ্যাল কো-অপারেশন’-এর প্রধান অধ্যাপক ড. কোজো ওয়াতানাবে এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন। কর্মসূচিতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় টেকসই উন্নয়নের গবেষণার দিকগুলোর ওপর আলোকপাত করা হয়; বিশেষ করে জনস্বাস্থ্য ও জীবিকা সুরক্ষার পাশাপাশি চিকিৎসা, কৃষি, মৎস্যচাষ ও পশুপালনে ব্যবহৃত রাসায়নিকের পরিবেশ ও বাস্তুতন্ত্রের ওপর প্রভাব কমানোর বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়।
৯। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সম্প্রতি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটির জন্য সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত ৪৬৯জন শিক্ষার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে।
১০। আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের যৌথ উদ্যোগে দু’দিনব্যাপী “তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন ( COMPAS ২০২৬)” অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ডেটা অ্যানালাইসিস, ভিজ্যুয়াল কম্পিউটিং ও কোয়ান্টাম কম্পিউটিংসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করা হয়। এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন ও প্লেনারি অধিবেশনের আয়োজন করা হয়। এতে দেশি-বিদেশি গবেষক ও বিশেষজ্ঞরা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক গবেষণা, প্রযুক্তির বাস্তব প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলনে ৩টি গ্রুপকে সেরা গবেষণা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
১১। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর নেতৃত্বে ICOG এবং CMES -এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমুদ্র বিষয়ক গবেষণা, মডেলিং এবং পূর্বাভাস কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বলা হয় বাংলাদেশের ব্লু-ইকোনমি বা নীল অর্থনীতির বিকাশে CMES -এর ‘ফিজিক্যাল-ইকোসিস্টেম অ্যান্ড পলিউশন কাপলিং মডেল’ (ভৌত পরিবেশ-বাস্তুতন্ত্র ও দূষণ মিথস্ক্রিয়া বিষয়ক মডেল) অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১২। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রাম আয়োজিত ‘Victimization to Resilience: Mental Health Services for Children, Women, and the Elderly’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাতীয় সেমিনার উপলক্ষ্যে প্রকাশিত Harmony শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
১৩। মাউন্ট এভারেস্ট জয় করায় ভূতত্ত্ব বিভাগের ৩৭তম ব্যাচের শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা প্রদান করা হয়। বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৪। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সেমিনার ও দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ‘ ÔLived Experiences to Meaningful Change: Promoting Clinical Social Work Practice in Mental Health’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ সেমিনারের আয়োজন করে।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সেমিনারে প্রধান অতিথি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৫। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, মানসিক স্বাস্থ্য মেলা, কাউন্সেলিং সেবা প্রভৃতি। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘Lived Experiences Heard: Real Voices, Real Change ’। এ উপলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়। কোষাধ্যক্ষ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি (বিসিপিএস) যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ ক্যাম্পাসের ৪টি গুরুত্বপূর্ণ স্থান কার্জন হল, টিএসসি, বিজয় একাত্তর হল এবং ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে মানসিক স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত হয়। মেলায় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের এম.এস, এম.ফিল ও পিএইচ.ডি গবেষকগণ বিভাগীয় শিক্ষকদের তত্ত্বাবধানে ছাত্র-ছাত্রীদের ফ্রি মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট ও কাউন্সেলিং সেবা প্রদান করেন। এছাড়া, আগামী ১৬, ১৭, ৩০ ও ৩১ অক্টোবর মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।
১৬। গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে দেব স্মারক বক্তৃতা ২০২৩ ও ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন।
অনুষ্ঠানে ‘সূফী দর্শনের সর্বজনীনতা’ শীর্ষক দেব স্মারক বক্তৃতা ২০২৩ প্রদান করেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। ‘লেখাপড়া পড়াশোনা’ শীর্ষক দেব স্মারক বক্তৃতা ২০২৪ প্রদান করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিরাজ সালেকীন।
১৭। অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের উদ্যোগে “Fundamentals of Research Methodology Training” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।
১৮। কলা অনুষদ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নীলিমা রাশেদ এবং রানারআপ হয়েছেন সংগীত বিভাগের মো. নাঈমুল ইসলাম আলোক। প্রতিযোগিতায় ১০টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
১৯। দর্শন বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, এমএ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিভাগের ২৪জন মেধাবী শিক্ষার্থীকে Professor Saiyed Abdul Hai Excellence in Philosophy Award, ড. গালিব আহসান খান স্মৃতি বৃত্তি এবং রওশন আরা বেগম স্মৃতি বৃত্তি প্রদান করা হয়।
২০। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আমিনকে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। উপাচার্য ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাঁকে এই নিয়োগ প্রদান করেন।
২১। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ‘দ্বি-রাষ্ট্র সমাধানের সন্ধিক্ষণ: ফিলিস্তিনের ভবিষ্যৎ কী?’ শীর্ষক একটি বিশেষ বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনের আন-নাজাহ ন্যাশনাল ইউনিভার্সিটির ইউনেস্কো চেয়ার অধ্যাপক ড. সানা আল-সারঘালি এই বক্তৃতা প্রদান করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
২২। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল জুডো প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল চ্যাম্পিয়ন হয়েছে। ছাত্রদের গ্রুপে সূর্যসেন হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে রোকেয়া হল ২টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক লাভ করে এবং শামসুন নাহার হল ২টি স্বর্ণ ও ৫টি ব্রোঞ্জ পদক লাভ করে।
ছাত্রদের গ্রুপে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্র্রোঞ্জ পদক লাভ করে এবং সূর্যসেন হল ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক লাভ করে।
২৩। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ৩১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের পরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৪। অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ডোনাল্ড জেমস গমেজ, অধ্যাপক ড. এম. এ. মালেক এবং অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসানের দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং তাঁদের প্রতি সম্মান জানাতে এক বিশেষ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকবৃন্দ, বিভাগের চেয়ারম্যান, বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিভাগের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী বক্তব্য প্রদান করেন।
২৫। কবি সুফিয়া কামাল হলে ক্রিয়াশীল সংগঠন/ অংশীজনের সঙ্গে প্রাধ্যক্ষের সভাপতিত্বে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
২৬। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে প্রাধ্যক্ষের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। হলের আবাসিক ছাত্রীদের মাঝে Doodles Noodles -এর Free Wet Sampling কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ব্লক নং ২১১-২১৫ এর বাথরুমের দরজা পরিবর্তন করা হয়েছে। এছাড়াও হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৭। ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের দশম প্রতিষ্ঠাবার্ষিকী এবং চীনা চলচ্চিত্র দিবস আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে উদযাপিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
২৮। অমর একুশে হল প্রশাসনের উদ্যোগে হলের আবাসিক/দ্বৈতাবাসিক শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভা হল মিলনায়তনে (নন্দন) অনুষ্ঠিত হয়। সমসাময়িক বিষয় নিয়ে হল প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে গঠনমূলক আলোচনার মাধ্যমে সভার কার্যক্রম সম্পন্ন হয়।
১৫/১০/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়