ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৬তম। গত বছরও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়। গত ৩ নভেম্বর ২০২৬ কিউএস এ র্যাঙ্কিং প্রকাশ করে।
২। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ‘জাতীয় শিক্ষা ব্যবস্থা সমন্বয় বিভাগ’-এর উপ-পরিচালক মি. জার্মান দিমিত্রিভিচ জুবোভিচ এবং ‘আন্তর্জাতিক সহযোগিতা কেন্দ্র’-এর উপদেষ্টা মি. আলেকজান্ডার ভ্যাসিলিভিচ পারকিন উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ৯ মাস মেয়াদি রুশ ভাষা শিক্ষা বিষয়ে ফ্রি কোর্স চালুর সম্ভাবনা নিয়েও তাঁরা কথা বলেন। প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে রুশ ভাষা বিষয়ে পাঠদানের লক্ষ্যে ‘রাশিয়ান টিচার্স অ্যাব্রড’ শীর্ষক প্রকল্পের আওতায় রাশিয়া থেকে প্রশিক্ষক (নেটিভ স্পিকার) প্রেরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
৩। ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের বিজ্ঞান-নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘ক্লিন এয়ার ফান্ড’-এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই সংলাপ আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ১১ নভেম্বর ২০২৬ দুপুর ১২টায় শুরু হবে। আগামী ২৫ নভেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে। ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর ২০২৬ মঙ্গলবার এবং ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত হবে।
৫। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২৬ সালের অক্টোবর মাসে স্কোপাসের প্রতিষ্ঠানভিত্তিক অনুসন্ধানের তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট গবেষণা প্রকাশনার সংখ্যা ১৮ হাজার ২৫৫টি। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যার প্রকাশনার সংখ্যা ১৩ হাজার ৮০৭টি। প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের ৪৯টি বিশ্ববিদ্যালয়ের মোট স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮০৮টি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশনার সংখ্যা উল্লেখযোগ্য অবস্থান দখল করে আছে।
৬। সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৮জন মেধাবী শিক্ষার্থীকে ‘ Husne Ara Haider Quraishi Trust Scholarship’ প্রদান করা হয়েছে। উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দেওয়া হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৭। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১২জন শিক্ষার্থীকে সৈয়দ ইমতিয়াজ আহমেদ স্মারক বৃত্তি প্রদান করা হয়েছে। ২০১৯-২০২০ থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ সিজিপিএ অর্জনের স্বীকৃতিস্বরূপ এই বৃত্তি প্রদান করা হয়। এক অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক ও সনদ তুলে দেন।
৮। ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী আগামী ৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
৯। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্টডক্টরাল স্কলার ইয়ান হে।
সাক্ষাৎকালে বাংলাদেশে বায়ুদূষণ ও সিসার উপস্থিতি এবং জনস্বাস্থ্যের ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে চলমান গবেষণা কার্যক্রম, তথ্য-উপাত্ত সংগ্রহ, নমুনা বিশ্লেষণ এবং ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
১০। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, উইনরক ইন্টারন্যাশনাল ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির (বিসিপিএস) যৌথ উদ্যোগে “Ensuring Quality Mental Health Services in Bangladesh” শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে এই সেমিনার আয়োজন করা হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল “Lived Experienced Heard : Real voices, Real change ”। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ এবং জাপানের Zenet Co.Ltd.-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বিভাগের শিক্ষক কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বিভাগের চেয়ারম্যান এবং Zenet Co.Ltd.-এর প্রেসিডেন্ট ও রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর। এই সমঝোতার আওতায় দুই প্রতিষ্ঠান শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা, যৌথ গবেষণা, প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নে একসঙ্গে কাজ করবে। Zenet-এর স্কিল ডেভলমেন্ট প্ল্যাটফর্ম "Xlabo Orbit"-এর মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং আগ্রহী শিক্ষার্থীদের জন্য জাপানি কোম্পানিতে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে বিভাগীয় সিএন্ডডি কমিটির সদস্যবৃন্দ, অধ্যাপকবৃন্দ এবং Zenet Co.Ltd.,-এর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয় ও University & Alliance-এর যৌথ উদ্যোগে আগামী ২২ নভেম্বর ২০২৬, রবিবার সকাল ১০টায় সিনেট ভবন অডিটোরিয়ামে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেমিনারটি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত কমিটির এক প্রস্তুতি সভা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সভায় সভাপতিত্ব করেন।
১৩। ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৪ সনের স্নাতক (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ২জন শিক্ষার্থীকে Tun Dr. Mahathir bin Mohammad Scholarship প্রদান করা হবে। তাদের মাসিক ২,০০০/-টাকা হারে এক বছরের জন্য এই বৃত্তি প্রদান করা হবে।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিডেড দ্যা কোরুনা (Universidade Da Coruna ) এর মধ্যে সমঝোতা স্মারকের আওতায় ইরাসমাস কেএ ১৭১ প্রোগ্রামের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ০১ জন শিক্ষার্থীকে ফেব্রুয়ারি-জুন ২০২৭ এ ইউনিভার্সিডেড দ্যা কোরুনা অধ্যয়নের জন্য মনোনয়ন প্রদান করা হবে। বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউট থেকে মনোনয়নের জন্য একজন আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীর তথ্য (শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের রেজি. নম্বর, হলের নাম, মোবাইল নম্বর) আগামী ০৯ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসে (১১১/ক, প্রশাসনিক ভবন, উপাচার্য অফিস সংলগ্ন) প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।
১৫। ইংরেজি বিভাগে ৫ জন শিক্ষার্থীকে শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। প্রত্যেককে এককালীন ১০,০০০/= টাকা করে বৃত্তি প্রদান করা হবে।
১৬। বাংলা বিভাগের ২জন শিক্ষার্থীকে প্রিন্সিপাল ইবরাহীম খাঁ-প্রিন্সিপাল খালেদা হাবিব স্বর্ণপদক পুরষ্কার প্রদান করা হবে।
১৭। বাংলা বিভাগের ২জন শিক্ষার্থীকে কবি-অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান স্মারক স্বর্ণপদক পুরষ্কার প্রদান করা হবে।
১৮। বাংলা বিভাগের ১জন শিক্ষার্থীকে এককালীন ১০,০০০/= টাকা হেদায়েতুন নেসা মেমোরিয়াল বৃত্তি প্রদান করা হবে।
১৯। বোর্ড অব এ্যাডভান্সড স্টাডিজ এবং একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী এমফিল, পিএইচডি ও ডিবিএ প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থী এবং পোস্ট-ডক্টরাল প্রোগ্রামে গবেষণার অনুমতির জন্য আবেদনকারী প্রার্থীদের ইংরেজি ভাষায় শিরোনাম প্রণয়নের ক্ষেত্রে শিরোনামের প্রতিটি শব্দের প্রথম অক্ষর Capital letter এবং পরবর্তী অক্ষরগুলো small letter- এর করতে হবে।
২০। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ১০৯নং কক্ষের লকার ও দরজা মেরামত, ২১৫-২২০নং ব্লকের বাথরুমগুলোতে তোয়ালে হাঙ্গার পরিবর্তন এবং ৫০১-৫০৫নং ব্লকের সিংকসমূহের পাইপ পরিবর্তন করা হয়েছে। এছাড়াও হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত মশার ওষুধ প্রদান ও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
২১। সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কুমিল্লা বার্ডে দিনব্যাপী শিক্ষাসফর অনুষ্ঠিত হয়েছে।
২২। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দক্ষিণ ভবনের নিচতলার শ্রেণিকক্ষের সাউন্ড সিস্টেম এর এমলি ফায়ার মেরামত করা হয়েছে। খ) উত্তর ভবনের ছাদের উপর পুরনো পানির পাইপ লাইনের স্থলে নতুন পাইপ লাইন স্থাপন করা হয়েছে এবং নিচতলার শ্রেণি কক্ষের রিপোর্টার টাইপ চেয়ার মেরামত করা হয়েছে। এছাড়াও ইনস্টিটিউটের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।
২৩। শক্তি ইনস্টিটিউটের MS in Renewable Energy Technology কোর্সের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১৪/১১/২০২৬ তারিখের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত: স্থগিত করা হয়েছে। উক্ত ভর্তি পরীক্ষা আগামী ২০/১১/২০২৬ তারিখ শুক্রবার সকার ১০টা থেকে ১১:৩০টা পর্যন্ত কার্জন হল পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
২৪। বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তা, বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক অর্জনের তথ্য জনসংযোগ দফতরে প্রেরণের জন্য অনুরোধ করছি। অর্জনসমূহের সফ্ট কপি নিম্নোক্ত ই-মেইলে অথবা হোয়াটস্অ্যাপ নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।
তথ্য পাঠানোর ই-মেইল: publicrelations@du.ac.bd
হোয়াটস্অ্যাপ নাম্বার: ০১৫৫২৩২২১৩৮
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সার্বিক হালনাগাদ তথ্য জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.du.ac.bd এবং ফেসবুক পেজ https://www.facebook.com/duadministration / নিয়মিতভাবে ভিজিট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
২৫। আগামী ৭ নভেম্বর ২০২৬ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচি গৃহীত হয়েছে: সকাল ৬:২০ মিনিটে উপাচার্য ভবনসহ সকল হল ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১:০০ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ সকল হল/হোস্টেল এবং সকল আবাসিক এলাকার মসজিদে বাদ আছর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত এবং বিশ্ববিদ্যালয় এলাকায় অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়া, শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা আয়োজন করা হবে (নভেম্বর মাসের মধ্যে)। কর্মসূচিসমূহে অংশগ্রহণের জন্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে অনুরোধ জানানো হয়েছে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়