ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ What Works in Countering Violent Extremism: Toward Human-Centric & Evidence-Based Policies’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের সমাপনী অধিবেশনে উপাচার্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রজেক্টের আওতায় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ইন্টারন্যাশনাল সিকিউরিটি পলিসি ল্যাব এই সম্মেলন আয়োজন করে।
২। বিভিন্ন বিভাগের ২১জন শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড বৃত্তি লাভ করেছেন। এর মধ্যে ১৪ জন শিক্ষার্থীকে ‘আমিনুর রহমান খান স্মারক বৃত্তি এবং ৭ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি’ প্রদান করা হয়েছে। পৃথক দু’টি অনুষ্ঠানের মাধ্যমে এসব বৃত্তি প্রদান করা হয়। উভয় অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এক অনুষ্ঠানে বাংলাদেশ ল’ এসোসিয়েশন ইউ.কে-এর সভাপতি মুহাম্মাদ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী উপাচার্যের কাছে এ চেক হস্তান্তর করেন। এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতি বছর আইন বিভাগের প্রথম বর্ষ এলএল.বি. (সম্মান) থেকে এলএল.এম. শ্রেণি পর্যন্ত নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে শারীরিক বা মানসিক প্রতিবন্ধী কিংবা অসচ্ছল ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই বৃত্তি প্রদান কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
৪। ক) উন্নয়ন অধ্যয়ন বিভাগের উদ্যোগে বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব লাভ করায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ‘ Celebrating Leadership, Shaping Futures: Dialogue on Bangladesh’s Economy and Development Studies’ শীর্ষক এক নীতি সংলাপ অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারপার্সনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রধান অতিথি এবং উপাচার্য গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
খ) উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) প্রোগ্রামের জুলাই সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারপার্সন-সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
৫। বিএনসিসি’র একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট বিএনসিসি’র কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এসময় বিএনসিসি’র কার্যক্রমের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে পর্যায়ক্রমে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়।
৬। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদ এবং আরবরিকালচার সেন্টারের যৌথ উদ্যোগে Dhaka University Green Nexus–2026- শীর্ষক ৩-দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিবেশ কর্মী হিসেবে দক্ষতা প্রদর্শনের জন্য ১০জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।
৭। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচ.ডি, ১৬ জন এম.ফিল এবং ১ জন ডি.বি.এ. ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। উপাচার্য সভায় সভাপতিত্ব করেন।
৮। ক) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ‘সুফি সংস্কৃতি: মধ্যপ্রাচ্য, পশ্চিম আফ্রিকা ও বাংলাদেশ’ শীর্ষক ৮ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কোষাধ্যক্ষ উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খ) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে “অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বাংলার রুমি সৈয়দ আহমদুল হক এর ভূমিকা” শীর্ষক এক সেমিনার আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে সেমিনারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও কলা অনুষদের ডিন বক্তব্য রাখেন।
৯। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষ্যে জগন্নাথ হল এবং শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো সংকীর্তন শোভাযাত্রা, আলোচনা সভা প্রভৃতি। রাতে জগন্নাথ হলের প্রাধ্যক্ষের সভাপতিত্বে আলোচনা সভায় উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১০। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর উদ্যোগে “ Energy Security in Bangladesh: From Crisis Management to Resilient Energy Transition” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রধান অতিথি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে শক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং এম.এস ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
১১। ‘১১তম মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বিতর্ক উৎসবে’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া বিতর্ক অঙ্গন চ্যাম্পিয়ন এবং জিয়া হল ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়েছে। কলেজ পর্যায়ে প্রতিযোগিতায় রাজউক কলেজ ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং মিল্লাত ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব ৩-দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১২। তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএ সম্মান চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় বিভাগের ৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এবং ইউএন উইমেন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে “Care Economy and the Labour Market: Rethinking Women's Economic Agency in Bangladesh” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪। সংগীত বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ‘Lyric WritingÕ ÔSound RecordingÔ Ges ÔBasics of Instrument’ বিষয়ক বছরব্যাপী ০৩ পর্বের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রথম সেশন উদ্বোধন করেন কলা অনুষদের ডিন। বিভাগের চেয়ারপার্সনের পরিচালনায় বি.এ. (সম্মান) ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা কর্মশালায় অংশগ্রহণ করে।
১৫। ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটির উদ্যোগে আগামী ১৭ সেপ্টেম্বর টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন’। ৫টি পর্বে আয়োজিত এই প্রতিযোগিতায় নিজের বিভাগ, হল ও ক্লাবের প্রতিনিধিত্ব করার পাশাপাশি একক অংশগ্রহণের সুযোগ রয়েছে। রেজিস্ট্রেশন এবং অন্যান্য তথ্যের জন্য https://www.facebook.com/share/1BXGPjq98g/,
Event page: https://www.facebook.com/share/1DEKzbHquT/ ঠিকানায় যোগাযোগ করা যাবে।
১৬। জাপানের গিফু ইউনিভার্সিটির ছাত্র বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদনের সময়সীমা : এপ্রিল ২০২৭ সেশনের ভর্তির জন্য - ২১ অক্টোবর ২০২৬ এবং অক্টোবর ২০২৭ সেশনের ভর্তির জন্য - ১৭ মার্চ ২০২৭। আবেদনপত্র https://www.glocal.gifuu.ac.jp/en/studyabroad/admission/application_form_and_documents/ ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
১৭। ৬০কর্ম দিবসের ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণের লক্ষ্যে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমএসএস ২য় সেমিস্টারের শিক্ষার্থীদের সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও এনজিও ভিত্তিক ১৭টি প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এছাড়াও ইনস্টিটিউটের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।
১৮। অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৯। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ফিল্টারসমূহের কার্টিজ পরিবর্তন করা হয়েছে। খ) ছাত্রীদের নামাজ রুমের জন্য প্রয়োজনীয় সামগ্রী (জায়নামাজ, রেক্সিন) প্রদান করা হয়েছে। গ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও হলে নিয়মিত মশার ওষুধ প্রদান কার্যক্রম এবং প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
২০। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে “Shaping Our Future: Preparing Ourselves in the Era of AI” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগের চেয়ারম্যান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন জার্মানির ইউনিভার্সিটি অব এ্যাপ্লাইড সায়েন্স-এর সাইবার সিকিউরিটি এন্ড ডিজিটালাইজেশন ল্যাব প্রধান অধ্যাপক ড. খন্দকার রহমত উল্লাহ। সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
২১। পপুলেশন সায়েন্সেস বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), কলা অনুষদের ডিন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বক্তব্য রাখেন।
২২। স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অর্জন করায় বিভিন্ন বিভাগের ৩০১জন শিক্ষার্থীর জন্য বই পুরস্কার মঞ্জুর করা হয়েছে।
২৩। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সিরাজুল হক রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার ভোর ৩:২০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে-সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। উপাচার্য তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
২৪। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে Academic Writing এর উপর একটি আন্তজার্তিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে ইউনিভার্সিটি অব লিডস-এর আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের সহযোগী অধ্যাপক ড. গর্ডন ক্লাব, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান এবং International Security Policy lab এর রিসার্চ ডিরেক্টর উপস্থিত ছিলেন।
২৫। অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষাসফর-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৬। রোকেয়া হলের ৭মার্চ ভবনের স্যুয়ারেজ লাইনের ১টি পিটের মেরামত কাজ করা হয়েছে।
২৭। জন্মাষ্টমী উপলক্ষ্যে আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ এর যৌথ উদ্যোগে "শ্রীকৃষ্ণের মানবিক ঐক্য ও বিশ্বশান্তির দর্শন” শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সম্পাদক মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়