ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, বিভিন্ন সংকট নিরসন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। প্রশাসন কর্তৃক গৃহীত এ সপ্তাহের বিভিন্ন উদ্যোগের হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি অফিসের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার ও শনিবার যথারীতি বন্ধ থাকবে।
২। জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক হিরোআকি শিগা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণার অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
৩। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা শিক্ষা, গবেষণা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি এবং সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের যৌথ আয়োজনে ‘শিল্প ও সংগীতের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য, ভারতের হাই কমিশনার, কোষাধ্যক্ষ, বিজ্ঞান অনুষদের ডিন ও কলা অনুষদের ডিন-সহ সংশ্লিষ্ট বিভাগের চেয়ারপার্সনবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘স্বর্গীয় অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন ট্রাস্ট ফান্ড’ শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের এম.এস.এস. চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ/নম্বর অর্জনকারী শিক্ষার্থীকে ‘স্বর্গীয় অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মন স্মৃতি স্বর্ণপদক’ প্রদান করা হবে। এই ট্রাস্ট ফান্ড গঠনের জন্য শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মনের স্ত্রী বীণা রানী বর্মন ১০ লাখ টাকার একটি চেক উপাচার্যের কাছে হস্তান্তর করেন।
৫। ইকোনমিকস স্টাডি সেন্টারের উদ্যোগে ৭ম বাংলাদেশ ইকোনমিকস সামিট অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। সাউথ ইস্ট ব্যাংকের সহযোগিতায় এই সামিট আয়োজন করা হয়।
উল্লেখ্য, ৩দিনব্যাপী এই সামিটে এলডিসি উত্তরণ, শ্রম, শিক্ষা ও উদ্যোক্তা, জ্বালানি ও পরিবেশবান্ধব কর্মসংস্থান নিয়ে ৩টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সিপিডির সিনিয়র ফেলো, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষকসহ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞগণ প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন।
৬। পদার্থ বিজ্ঞান বিষয়ক ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শুরু হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি এই সম্মেলন আয়োজন করেছে।
৭। কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের ১০ বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- নবীনবরণ, বিদায় সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। উপাচার্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল-র্যালি, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো প্রভৃতি। উপাচার্য ছাত্র-শিক্ষক কেন্দ্রে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী পর্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৯। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ Foundation Certificate in University Teaching and Learning’ শীর্ষক ১৫-দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা উদ্বোধন করেন।
১০। ১৫তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রসায়ন বিভাগ এবং বাংলাদেশ রসায়ন সমিতি যৌথভাবে এই অলিম্পিয়াড আয়োজন করে।
১১। উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১২। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিনব্যাপী সায়েন্স কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলা উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপস্থিত ছিলেন। পরে উপাচার্য মেলা পরিদর্শন করেন।
১৩। উপাচার্য কার্জন হল এলাকায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের ‘বোটানি গ্রীন হাউস’ পরিদর্শন করেন। এসময় বিভাগীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ভূমিদাতা কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে। কোষাধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিকৃতি উদ্বোধন করেন। অনুষ্ঠানে কিশোরীলাল রায় চৌধুরী স্মৃতি অডিটোরিয়াম উদ্বোধন করা হয়। প্রসঙ্গত, জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের অর্থায়নে প্রতিকৃতিটি নির্মাণ করা হয়।
১৫। সংগীত বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়।
১৬। ক) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের Orientation Program অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান।
খ) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের খ্যাতনামা শিক্ষক ড. ফাদার তপন ডি’ রোজারিও -এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন।
১৭। ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. সাফিন আল মাহমুদ খান সিফাত চ্যাম্পিয়ন এবং গণিত বিভাগের শিক্ষার্থী মো. তামিম মাহমুদ রানার্স-আপ হয়েছেন। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১৮। জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুনান চাকমা চ্যাম্পিয়ন এবং ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী সুপ্রিয় কুমার ঘোষ রানার্স-আপ হয়েছেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিজ্ঞান অনুষদের ডিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
১৯। সলিমুল্লাহ মুসলিম হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বাংলা বিভাগের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম চ্যাম্পিয়ন হয়েছেন। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. আরাফাত ইসলাম আবীর এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রিসাদ সরকার যৌথভাবে রানার্স-আপ হয়েছেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে কলা অনুষদের ডিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
২০। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী খালিদ মুহিবুল্লাহ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সারজিল হাসান খান জিদান যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. শাহীন আলম রানার্স-আপ হয়েছেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে কোষাধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
২১। সূর্যসেন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সুবহান আলী হৃদয় চ্যাম্পিয়ন এবং বাংলা বিভাগের শিক্ষার্থী মো. নাফিজ খান রানার্স-আপ হয়েছেন। উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে কোষাধ্যক্ষ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
২২। ক) রোকেয়া হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক ও শিক্ষর্থীরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। খ) হলের অপরাজিতা ভবনে দেয়াল আলমারি ও দেয়াল প্লাস্টারের কাজ চলমান রয়েছে। গ) ভেন্ডিং মেশিন, ওয়াশিং মেশিনের মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। ঘ) হলের চামেলী ডাইনিং এর পানির লাইন এর মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ঙ) হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হালিমাতুল সাদিয়া চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়া, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের শিক্ষার্থী ইফরিত ফাইজা ইমি রানার্স-আপ হয়েছেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
২৩। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের “৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা”-এর প্রস্তুতি চলমান রয়েছে। খ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিয়মিত মশার ওষুধ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গ) হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৪। ২০২২ ও ২০২৩ সনের সকল অনুষদের স্নাতক (সম্মান) পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে প্রতি সনের জন্য একজন অসচ্ছল প্রতিবন্ধী ছাত্র এবং একজন অসচ্ছল প্রতিবন্ধী ছাত্রীকে আজিজুল হক স্মারক ট্রাস্ট তহবিল থেকে মাসিক ৪৫০/= (চারশত পঞ্চাশ) টাকা হারে ০১ (এক) বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে। ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে শেষ পর্ব স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত আগ্রহী অসচ্ছল প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালকের মাধ্যমে আগামী ৩০/০৪/২০২৬ তারিখের মধ্যে স্নাতক (সম্মান) পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপিসহ রেজিস্ট্রার বরাবরে আবেদন করতে হবে। ছাত্র/ছাত্রীর পূর্ণ নাম, পঠিত বিষয়, শ্রেণি, শ্রেণি রোল, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ, হলের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
২৫। লোক প্রশাসন বিভাগের বি.এস.এস (সম্মান) শ্রেণির শিক্ষার্থী রাহিমা আক্তার তিনাকে মেছের উদ্দীন আহমেদ মেমোরিয়াল-আফিয়া খাতুন বৃত্তি প্রদান করা হবে। তাকে এককালীন ১৮,০০০/= টাকা বৃত্তি প্রদান করা হবে।
২৬। ফলিত গণিত বিভাগের ২জন শিক্ষার্থীকে অধ্যাপক এ কে এম আবদুল মান্নান বৃত্তি প্রদান করা হবে। তাদের এককালীন ১৮,০০০/= টাকা বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: মো: মাসুদ রানা ও মো: সাইম সিকদার।
২৭। একাউন্টিং বিভাগের ৮জন শিক্ষার্থীকে একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হবে। তাদের এককালীন ২৪,০০০/= টাকা বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীরা হলেন: রাহাত মাহমুদ সাদি, জান্নাতুল ফেরদৌস, মো. ফয়সাল আহমেদ আসিফ, মো. দেলোয়ার হোসেন, রুহি মুসফিকা, নিসাবুল ইসলাম মোহাম্মদ জিসাত চৌধুরী, রাম প্রসাদ সাহা এবং আলী হোসেন রিয়াদ।
২৮। জাপানিজ স্টাডিজ বিভাগের ১ম,২য়,৩য় ও ৪র্থ বর্ষে বিএসএস (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ১২(বার) জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে আলহাজ ডা. সুলতান আহমেদ মেধা বৃত্তি প্রদান করে হবে। প্রতি বর্ষ থেকে ৩ জন করে শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে। প্রত্যেক শিক্ষার্থী এককালীন ৫,০০০/= (পাঁচ হাজার) টাকা করে বৃত্তি পাবেন।
২৯। সিনেটের বার্ষিক অধিবেশনে উপাচার্যের অভিভাষণে অন্তর্ভুক্তির লক্ষ্যে গত জুন-২০২৫ থেকে আজ পর্যন্ত বিভিন্ন অনুষদ/হল/বিভাগ/ইনস্টিটিউট/অফিসের উল্লেখযোগ্য কার্যক্রম, ঘটনা বা বিষয়াদির তথ্য আগামী ০৭ মে ২০২৬ তারিখের মধ্যে বাংলা ভাষায় Sutonny MJ Font-এ টাইপ করে E-mail:vcoffice@du.ac.bd -এ ঠিকানায় অথবা হার্ড কপিসহ Pen Drive-এ Soft Copy কপি উপাচার্যের অফিসের প্রধান সহকারী সাইদুর রহমান সাইদ-এর নিকট প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
০৯/০৪/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়