ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিচালক মি. সুগাহারা কিয়োয়ুকি-এর নেতৃত্বে ৫-সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে।
সাক্ষাৎকালে তাঁরা আধুনিক ভাষা ইনস্টিটিউটে জাপানি ভাষা প্রোগ্রামের সম্প্রসারণ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ এবং উভয় দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চলমান যৌথ কার্যক্রম জোরদার করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
২। মালয়েশিয়ান কোয়ালিফিকেশনস এজেন্সি (এমকিউএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ শাতার বিন সাবরান উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠককালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তাঁরা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যৌথ সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণের সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন। এমকিউএ-এর সিইও বাংলাদেশে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test` সেবা চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানি প্রতিষ্ঠান ‘সেনমন কিওউইকু পাবলিশিং কোং লিমিটেড’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠনে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ ক্যাম্পাসে কম্পিউটার-ভিত্তিক পদ্ধতিতে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test` সেবা পরিচালনা করবে। এছাড়া, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক আস্থা ও বন্ধুত্ব সুদৃঢ় করার লক্ষ্যে যৌথভাবে কাজ করবে।
৪। চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশগ্রহণের জন্য উপাচার্য চীন গমন করেছেন। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (FIO) এবং শাংদাও মিউনিসিপ্যাল গভর্নমেন্টের যৌথ আয়োজনে ১৭ ও ১৮ সেপ্টেম্বর শাংদাওয়ের স্টারলাইট আইল্যান্ড কনফারেন্স সেন্টারে এ ফোরাম অনুষ্ঠিত হবে।
উপাচার্যের ছুটিকালীন প্রো-উপাচার্য (শিক্ষা) তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
৫। সামাজিক বিজ্ঞান অনুষদের তিন বছরের (২০২১, ২০২২ ও ২০২৩) ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষদের ১৬টি বিভাগের মোট ৪৮ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পান। এছাড়া সেরা গ্রন্থ ও নিবন্ধের জন্য দুইজন শিক্ষককে পুরস্কার প্রদান করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রধান অতিথি এবং উপাচার্য গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
৬। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর শিক্ষা ও আধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপাচার্য এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন রচিত ‘খানবাহাদুর আহ্ছানউল্লার চিন্তন ও রচনায় ফারসি ভাব-দর্শনের প্রভাব’ শীর্ষক বইটির মোড়ক উন্মোচন করা হয়।
৭। ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (IQAC) উদ্যোগে “ Induction Workshop for Newly Recruited Faculty Members ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য প্রধান অতিথি হিসেবে সকালে কর্মশালা উদ্বোধন করেন।
বিভিন্ন বিভাগের ৫৮ জন নবীন শিক্ষক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘Dhaka University Annual Law Lecture 2026’ অনুষ্ঠিত হয়েছে। আইন অনুষদ আয়োজিত এ অনুষ্ঠানে ‘Beyond Judicial Independence: Constitutional Identity and the Quest for Institutional Autonomy in Bangladesh’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উলফসন কলেজের অনারারি অ্যান্ড ভিজিটিং ফেলো ড. সৈয়দ রেফাত আহমেদ। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৯। চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ’ ৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ শিগগিরই শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস এবং নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ভেঙ্গে ঐ স্থানে হলটি নির্মাণ করা হবে। বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের Minutes of Meeting গত ১৩ সেপ্টেম্বর স্বাক্ষর করা হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে অতিরিক্ত সচিব (পরিকল্পনা) এবং চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (CIDCA)- এর ভাইস চেয়ারম্যান লুই জুনফেং এই MoM এ স্বাক্ষর করেন। এসময় ইআরডি সচিব এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে ১ হাজার ৫শ’ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।
১০। আধুনিক ভাষা ইনস্টিটিউটে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে গঠিত কমিটির ধারণাপত্র ১৬ সেপ্টেম্বর প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণাপত্রে বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউটে তৃতীয় ভাষায় দক্ষ ও মানসম্মত শিক্ষক নিয়োগ, বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আয় ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সুপারিশমালা প্রদান করা হয়েছে।
এই ধারণাপত্র পর্যালোচনা ও কর্ম-পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর বিকাল ৪:০০টায় অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সেমিনার অনুষ্ঠিত হবে। উপাচার্য সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
১১। বাংলাদেশ সায়েন্স এক্সপোজিয়াম-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স সোসাইটি, বেস্টক্যাড কর্প এবং ওয়াদুদ ময়মুন্নেসা ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।
১২। কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘কলা অনুষদ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। কলা অনুষদের ডিন এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৩-দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্প্রতিক ৩টি পৃথক ঘটনা তদন্ত ও এ বিষয়ে সুপারিশ প্রদানের লক্ষ্যে পৃথক ৩টি কমিটি গঠন করা হয়েছে। ডাকসু কর্তৃক ‘‘DU Evaluation“ নির্ভীক জুলাই’’ নামে কলাভবন সংলগ্ন ডাকসু ভবনের পশ্চিম পাশে ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্মৃতিস্তম্ভ স্থাপন এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের আলোচিত ছবি টানানোর ঘটনা তদন্ত এবং এসব বিষয়ে সুপারিশ প্রদানের জন্য পৃথক এই ৩টি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩- এর ১২ (৩) ধারা অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়। কমিটিগুলোর প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এসব বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। কমিটিগুলোকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশ- সহ প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
১৪। নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রীনিবাসের উদ্যোগে “The Science of Serenity: Rewiring Your Mind for Resilience ” শীর্ষক মানসিক স্বাস্থ্য বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ছাত্রীনিবাসের ওয়ার্ডেন উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, চাপ মোকাবিলা, ইতিবাচক মানসিকতা গড়ে তোলা এবং প্রতিকূল পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে সামলে নেওয়ার বিভিন্ন কার্যকর উপায় নিয়ে আলোচনা করা হয়।
১৫। আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
১৬। NextCruit – এর নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৭। আরবী বিভাগের ১জন শিক্ষার্থীকে বি.এ. সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় মোহাম্মদ ইসরাইল স্মারক বৃত্তি মঞ্জুর করা হয়েছে।
১৮। বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাঈদ-উর রহমান বার্ধক্যজনিত কারণে গত ১৩ সেপ্টেম্বর বেলা ১১:০০টায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
উপাচার্য বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাঈদ-উর রহমান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
১৯। উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. তাহ্সিনা রহিম বার্ধক্যজনিত কারণে গত ১২ সেপ্টেম্বর রাত ৯:০০ টায় ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দুই ছেলে- সহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। উপাচার্য অধ্যাপক ড. তাহ্সিনা রহিম -এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
২০। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরকার তিন মাসব্যাপী "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" উদ্বোধন করেছে। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল, বাংলো, একাডেমিক ভবন ও ভবন সংলগ্ন এলাকা, আবাসিক এলাকা ও ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে এডিস মশা নিধন, মশার লার্ভা ধ্বংস করা এবং ক্যাম্পাস এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার স্বার্থে নিম্নলিখিত কার্যক্রম সম্পাদনের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে:
১. সকল হল, একাডেমিক ভবন ও ভবন সংলগ্ন এলাকা এবং আবাসিক এলাকায় এডিস মশার লার্ভা ধ্বংস করার ব্যবস্থা গ্রহণ করা।
২. প্রতিটি হল ও একাডেমিক ভবনে মাসে অন্তত দুইবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।
৩. সকল হল, একাডেমিক ভবন এবং ভবন সংলগ্ন এলাকা ও ক্যাম্পাসের উন্মুক্ত স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করা।
৪. নিজ নিজ অফিস কক্ষ, বাসা ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করা।
৫. বাসস্থানের ছাদ বাগান, ফুলের টব এবং পানি জমে থাকে এমন সকল পাত্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা গ্রহণ করা।
৬. স্ব স্ব হলসমূহে ফগার মেশিন দিয়ে মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করা।
৭. ডেঙ্গু বাহী মশা প্রতিরোধে সম্ভাব্য উপায় যথাযথ অনুসরণ করা।
২১। গণিত বিভাগের উদ্যোগে “Stochastic Modeling and Communicable Disease Dynamics: An
Integrated Approach to Public Health” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২২। আইন অনুষদ ও ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের যৌথ উদ্যোগে চৌধুরী সিনেট ভবনে ‘ইউএস কনস্টিটিউশন ডে’ উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আইনমন্ত্রী প্রধান অতিথি এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ।
২৩। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের বিভিন্ন ব্লকে বেসিন পরিবর্তন ও লকারের দরজা মেরামত করা হয়েছে। খ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ) নিয়মিত মশার ওষুধ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৪। অণুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে “আন্তর্জাতিক অণুজীব দিবস” উদযাপিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন। দিবসটি স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস এবং অণুজীববিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে খন্দকার মোকাররম হোসেন বিজ্ঞান ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
২৫। ক) রোকেয়া হলে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রীদের আবাসিক সিট প্রদানের লক্ষ্যে ছাত্রীর, বৈধ ও স্থানীয় অভিভাবকের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। খ) হল সংসদের উদ্যোগে ৭মার্চ অডিটোরিয়ামে মাহফিলে সিরাত আয়োজন করা হয়।
২৬। মৎস্যবিজ্ঞান বিভাগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে পরিচালিত চারটি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপন ও প্রচারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন। বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৭। গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক বিশেষ পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘Care to clean, Share the green’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কার্যক্রম সম্পন্ন হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভাগের শ্রেণিকক্ষ, ডিজাইন স্টুডিও, করিডোর ও আশপাশের আঙিনা ধুয়ে-মুছে পরিচ্ছন্ন করা হয় এবং পরিবেশবান্ধব নান্দনিক রূপ দিতে ইনডোর ও আউটডোর সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ শ্রমে পুরো বিভাগ এক প্রাণবন্ত রূপ লাভ করে। পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সবার সম্মিলিত অংশগ্রহণে এক আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। শিক্ষার সুষ্ঠু ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা জাগ্রত করার লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২৮। প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আজ ১৭ সেপ্টেম্বর সকাল ১০:৩০ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
১৭/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়