ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন, সহশিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে আরও সম্মানজনক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন অব্যাহত রয়েছে। এ সপ্তাহের বিভিন্ন কর্মসূচির হালনাগাদ তথ্য পরিবেশিত হলো:
১। আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুগল স্কলার প্রোফাইলে ২হাজার বা তদূর্ধ্ব উদ্ধৃতি- প্রাপ্ত ৬২জন শিক্ষক/গবেষককে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ২৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সকালে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। পরে কবির সমাধি প্রাঙ্গণে উন্মুক্ত মঞ্চে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩। যথাযোগ্য মর্যাদায় ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। এ উপলক্ষে সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপাচার্য সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের ওপর সংঘটিত অমানবিক, বেদনাদায়ক ও নিন্দনীয় ঘটনার স্মরণে প্রতিবছর ২৩ আগস্ট ‘কালো দিবস’ পালন করা হয়।
৪। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের পাবলিক এনগেজমেন্ট বিভাগের পরিচালক মি. স্কট হার্টম্যানের নেতৃত্বে ৬-সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।
বৈঠকে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগিতায় আগামী ১৭ সেপ্টেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা করেন। মার্কিন বিশেষজ্ঞদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও পাবলিক লেকচার আয়োজনের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাংবিধানিক আইনের উপর যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণ এবং ডুয়াল ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাবনা নিয়েও তাঁরা আলোচনা করেন।
৫। চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ঝাং ইয়ানমেই-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে ভাষা শিক্ষা, একাডেমিক ও গবেষণা সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ ডিগ্রি কর্মসূচিসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত পোষণ করেন।
৬। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামি’আয়’ অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য সভায় প্রধান অতিথি এবং প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৭। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর যৌথ উদ্যোগে ‘Challenges of Rohingya Repatriation: International Politics and National Priorities’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা প্রধান অতিথি এবং উপাচার্য সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘Meet the Ambassador: Talking Diplomacy for Cooperation ’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রেডরিখ-এবার্ট-স্টিফটাং বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। উপাচার্য এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৯। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগ-এর যৌথ উদ্যোগে “ Strengthening Academic Collaboration for Disaster Preparedness and Resilience in Bangladesh ” শীর্ষক দিনব্যাপী সেমিনার সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১০। মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রসারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)-এর মধ্যে কোষাধ্যক্ষের কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কোষাধ্যক্ষ এবং এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট-এর সিইও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) গর্ভাবস্থার আগে, গর্ভাবস্থাকালীন এবং গর্ভাবস্থার পরে মানসিক স্বাস্থ্য সমস্যা শনাক্ত ও স্ক্রিনিং করার জন্য যৌথভাবে গবেষণা পরিচালনা করবে। তারা শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের বহির্বিভাগ ও অন্তর্বিভাগ উভয় ক্ষেত্রেই আসা মায়েদের জন্য টেলি-থেরাপির মতো সমাধানের প্রস্তাব দেবেন।
১১। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘নির্মম জুলাই: স্মৃতি ও বিস্মৃতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১২। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য বাংলাদেশ এবং চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে ভাষা ও সংস্কৃতি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক সহ ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
১৩। ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৪দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রেখে কার্যকর বহুপাক্ষিকতাকে সুসংহত করা।’ সমাপনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রধান অতিথি এবং উপাচার্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জিরো কম্পিটিশন্স এবং সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক-এর যৌথ উদ্যোগে “প্রথম বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড” কার্জন হলে অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৫। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এমটিএম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ‘‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’’ শীর্ষক ৩দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১৬। ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
১৭। পপুলেশন সায়েন্সেস বিভাগের ‘Professional Master of Population Health (MPH) Program ’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং কোষাধ্যক্ষ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
১৮। অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বিএফএ এবং এমএফএ-এর ৭২জন শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
১৯। প্রাচ্যকলা বিভাগের উদ্যোগে ‘Conservation of Art: Necessity. Challenges Prospects in Bangladesh’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
২০। “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি কার্জন হল এলাকায় পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি ও আরবরিকালচার সেন্টারের সহযোগিতায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই কর্মসূচি আয়োজন করে।
২১। ক) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএসএস সম্মান ২য় বর্ষ ৪র্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগামী ৩০ আগস্ট হতে শুরু হবে। খ) উত্তর ভবনের একজন শিক্ষক এবং ছাত্রীদের কমনরুমের সংস্কার, মেরামত ও রং এর কাজ শেষ হয়েছে। গ) দক্ষিণ ভবনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর এর কক্ষ মেরামত ও রং করার কাজ শুরু হয়েছে। এছাড়াও ইনস্টিটিউটের নিয়মিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম যথাযথভাবে চলমান রয়েছে।
২২। ক) শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদের আয়োজনে “ Communication Skills, Networking &Team Building” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। খ) ‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী’ উপলক্ষে হল অডিটোরিয়ামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৩। ক) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সিকদার মনোয়ারা ভবনের রিডিং রুমে থাই গ্লাস স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। খ) হলের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় পরিষ্কারক দ্রব্যাদি ক্রয় করা হয়েছে। গ) হলের নিয়মিত মশার ওষুধ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও হলের প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
২৪। ক) শামসুন নাহার হলে দু’দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খ) পবিত্র পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গ) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২৫। ক) রোকেয়া হলে ২৩ আগস্ট শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ ও ‘কালো দিবস’ পালন করা হয়। খ) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে কেরাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গ) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়। ঘ) ডাকসুর উদ্যোগে হলে ‘Coordinates to Navigate Career and CV Writing ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ঙ) রোকেয়া হল সংসদের উদ্যোগে দ্রোহ ও নির্মাণে রোকেয়া বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চ) রোকেয়া হলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
২৬। সমাজবিজ্ঞান বিভাগের ৪জন শিক্ষার্থীকে Fazilatunnessa Islam and Sirajul Islam Trust Scholarship বৃত্তি প্রদান করা হবে। তাদেরকে দুই কিস্তিতে ১২,০০০/- টাকা করে প্রদান করা হবে।
২৭। বাংলা বিভাগের পিএইচ.ডি গবেষক চন্দ্রা বসুকে তাঁর গবেষণা কর্মের জন্য রবীন্দ্র-গবেষণা ট্রাস্ট ফান্ড থেকে এককালীন ৫০,০০০/- টাকা বৃত্তি প্রদান করা হবে।
২৮। যুক্তরাষ্ট্রের হ্যারিসবার্গ বিজনেস ইনস্টিটিউট কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে স্কলারশিপের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। শিক্ষার্থীরা হ্যারিসবার্গ বিজনেস ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে https://harrisburg.institute/programs-of-harrisburg-institute আবেদন করতে পারবে।
মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়